
‘আমার ছেলের হাত বেঁধে সারা রাত নির্যাতন করেছে। হাত-পায়ের নখ তুলে ফেলেছে। অনেক অনুরোধ করার পরও ছেলেকে ছেড়ে দেয়নি শ্রমিকেরা। সবার চোখের সামনে সকাল নয়টায় আমার ছেলে মারা গেল। আমি ছেলে হত্যার বিচার চাই।’ এই আকুতি নুরুল ইসলামের। মুঠোফোন চুরির অপরাধে তাঁর ছেলে মো. মহিউদ্দিনকে (২৮) পিটিয়ে হত্যা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ছগিরাপাড়া এলাকার একটি ইটভাটার কাছ থেকে মহিউদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ। মুঠোফোন চুরির অভিযোগে ইটভাটার শ্রমিকেরা তাঁকে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৪ জনকে আটক করেছে পুলিশ। মহিউদ্দিনকে পিটিয়ে হত্যা করার খবর পেয়ে শত শত গ্রামবাসী এসে পিবিএম ইটভাটা ঘিরে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
মহিউদ্দিন দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। তাঁর ছোট ছোট তিনটি সন্তান রয়েছে।
নিহত মহিউদ্দিনের স্ত্রী মঞ্জুরা বেগম বলেন, বুধবার রাত দুইটার দিকে ফোন করে মহিউদ্দিনকে ডেকে নিয়ে যাওয়া হয়। রাতে তিনি বাড়ি ফিরে না আসায় তাঁরা খুঁজতে থাকেন। পরে গতকাল সকাল সাতটার দিকে খবর পান পিবিএম ইটভাটা এলাকায় গাছের সঙ্গে তাঁর স্বামীকে বেঁধে রেখেছেন ইটভাটার শ্রমিকেরা। তাঁরা সেখানে ছুটে যান। অনেক অনুরোধ করার পরও শ্রমিকেরা তাঁর স্বামীকে ছেড়ে দেননি। তাঁকে তখনো পেটানো হচ্ছিল।
মঞ্জুরা বেগম বলেন, ইটভাটার শ্রমিক নুরুল আলম ও মো. শাহীন তাঁদের জানান, মোবাইল সেটসহ শ্রমিকদের বিভিন্ন মালামাল চুরি করেছেন মহিউদ্দিন। ইটভাটার মালিক এলে বিচার করে তাঁকে ছেড়ে দেওয়া হবে।
এ বিষয়ে ইটভাটার মালিক লিয়াকত আলী লোহাগাড়া থানা-পুলিশ হেফাজতে প্রথম আলোকে বলেন, তিনি সকালে ইটভাটায় এসে দেখেন মহিউদ্দিন মারা গেছেন। তাঁকে যাঁরা নির্যাতন করে হত্যা করেছেন, তাঁদের বিচার দাবি করেন তিনি।
এ ব্যাপারে সাতকানিয়া সার্কেলের এএসপি এমরান হোসেন ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মহিউদ্দিনকে অত্যন্ত অমানবিকভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১৪ জনকে আটক করা হয়েছে।