যুবককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চারিয়া মুরাদপুর গ্রাম থেকে গতকাল বুধবার মৌলভী ইফতেখার উদ্দীন নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ইফতেখারকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।নিহত যুবকের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইফতেখার (২৫) বাড়ির কাছেই একটি মুদির দোকান চালাতেন। গত মঙ্গলবার বাড়িতে রাতের খাবার খেয়ে ১১টার দিকে আবার দোকানে যাওয়ার উদ্দেশে ঘর থেকে বের হন ইফতেখার। এরপর আর বাড়ি ফিরেননি তিনি। গতকাল সকাল নয়টার দিকে বাড়ির দক্ষিণে একটি খালের কাছে ইফতেখারের লাশ পড়ে থাকতে দেখেন কৃষকেরা। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহত যুবকের বাবা মৌলভী রিজোয়ান মুন্সি প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে খুব নিরীহ ছিল। কারও সঙ্গেই তার বিরোধ ছিল না। কিন্তু লাশের পাশে একটি লাঠি পাওয়া যায়। এ ছাড়া গলায় ফাঁস লাগানোর চিহ্ন রয়েছে। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে এই যুবককে হত্যা করা হয়। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।