যুবককে হত্যা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গত মঙ্গলবার একজন যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।নিহতের পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, উপজেলায় চেঙ্গাকান্দি গ্রামের জিয়াউর রহমান (২৫) স্থানীয় মোগরাপাড়া চৌরাস্তার ফলের আড়তে ফল বিক্রি শেষে মঙ্গলবার রাতে রিকশাযোগে বাড়ি ফিরছিলেন। চেঙ্গাকান্দি সেতুর সামনে পৌঁছালে পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের রোমান মিয়া (৩০), মো. নুরুজ্জামান (৩৫), জামাল উদ্দিন (২৬) ও মামুন মিয়াসহ (২৮) অজ্ঞাতনামা চার-পাঁচজন দুর্বৃত্ত জিয়াউরের রিকশা থামায়। চায়নিজ কুড়াল, রামদা ও চাপাতি দিয়ে জিয়াউরকে এলোপাতাড়ি কুপিয়ে তারা পালিয়ে যায়। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। পরে জিয়াউরের অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ওই দিন রাত ১২টার দিকে জিয়াউর মারা যান। সোনারগাঁ থানার ওসি হারুন-অর-রশিদ জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে জিয়াউরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রোমান মিয়াসহ চারজনের বিরুদ্ধে জিয়াউরের বাবা আবদুল মতিন গতকাল একটি হত্যা মামলা করেছেন।