বগুড়ার ধুনটে এক যুবককে গত বৃহস্পতিবার বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় যুবলীগের এক নেতাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ শুক্রবার রাতে পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
নিহত যুবকের নাম সজল সাকিদার (২২)। পুলিশ ও কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, গত এপ্রিলে এই উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন হয়। ইউপির ৫ নম্বর ওয়ার্ডের শরুগ্রামে সাধারণ সদস্যপদে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান ও বিএনপির সদস্য জামাল উদ্দীন প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনের জের ধরে জামাল উদ্দীনের সমর্থক সজল আবদুল হান্নানের সমর্থক নাহিদ হাসানকে মারধর করেন। পরে গ্রামবাসীর উদ্যোগে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। কিন্তু নাহিদ হাসান ও তাঁর সহযোগীদের এ নিয়ে ক্ষোভ ছিল। এর জের ধরে বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাঁরা সজলকে হত্যা করেন।
সজলের মা বুলি খাতুন বলেন, ‘সজল সারা দিন গাড়ি (ব্যাটারিচালিত অটোরিকশা) চালাইছে। সন্ধ্যায় বাড়ি ফিরে আইছে। এ সময় গ্রামের নাহিদ, রিংকু, তুহিন, সরলসহ আরও কয়েজন আইসা বাড়ি থাইকা আমার ছেলেরে ডাইকা নিয়া যায়। পরে তারাই আমার ছেলেরে কোবাইয়া মাইরা ফালাইছে।’
তিনজন গ্রামবাসী বলেন, রাত ১০টার দিকে তাঁরা চিৎকারে শুনে গ্রামের রাস্তায় যান। সেখানে গিয়ে তাঁরা দেখেন সজল রক্তাক্ত অবস্থায় রাস্তার মাঝে পড়ে আছেন। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।
এ ঘটনায় সজলের বড় ভাই সাকিল সাকিদার বাদী হয়ে শুক্রবার দুপুরে যুবলীগের নেতা আবদুল হান্নান, নাহিদ হাসানসহ ১৬ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই গ্রামের পাঁচজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন বিপ্লব হাসেন, সাজু মিয়া, লিটন মিয়া, রিপন মাহমুদ ও শাহিন হোসেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া পাঁচজনকে গতকাল শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে এর মধ্যে শাহিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।
ঘটনার পর থেকে আবদুল হান্নান পলাতক থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে থানাহাজতে থাকাকালে গ্রেপ্তার পাঁচজন বলেন, তাঁরা সজলের হত্যার সঙ্গে জড়িত নন। তাঁরা নাহিদের বন্ধু, তাই পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, হত্যাকাণ্ডের পরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া এজাহারনামীয় অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।