যুবকল্যাণ তহবিল আইন অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়৷ সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ ব্রিফিং করেন। ছবি: ফোকাস বাংলা
আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়৷ সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ ব্রিফিং করেন। ছবি: ফোকাস বাংলা

যুবকল্যাণ তহবিল আইন ২০১৫ অনুমোদন করেছে মন্ত্রিসভা। ১৯৮৫ সালে সামরিক শাসন আমলের এ-সংক্রান্ত অধ্যাদেশ পরীক্ষা- নিরীক্ষা করে আইনটি চূড়ান্ত করা হয়।

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার এ বৈঠক হয়৷ এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, আজকের সভায় ভোটিং সাপেক্ষে যুবকল্যাণ তহবিল আইন চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে৷ এ সময় জানানো হয়, সরকার ১৯৮৫ সালের পর থেকে এ পর্যন্ত প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবী যুব সংগঠনকে ১১ কোটি ৯৯ লাখ ৬৬ হাজার টাকা অনুদান দিয়েছে। প্রতি সংগঠন ২০ থেকে ২৫ হাজার টাকা অনুদান পেয়ে থাকে। এত দিন একটি অধ্যাদেশের মাধ্যমে এ অনুদান দেওয়া হতো। নতুন আইনের ফলে শিক্ষা, বিজ্ঞান, ক্রীড়া, কারিগরি, কলা ও সংস্কৃতি কাজের জন্য যুব সংগঠনগুলোকে অনুদান দেওয়া যাবে।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ৩৫টি অ্যানুয়াল পারফরম্যান্স এগ্রিমেন্ট (এপিএ) স্বাক্ষর করা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। প্রতিটি মন্ত্রণালয় কর্মপরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়নের জন্য এই চুক্তি করছে। এতে সরকারের সার্বিক ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন আসবে বলে জানান সচিব।