যুবকল্যাণ তহবিল আইন অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবকল্যাণ তহবিল আইন, ২০১৫ অনুমোদন করেছে মন্ত্রিসভা। ১৯৮৫ সালে সামরিক শাসনামলের এ-সংক্রান্ত অধ্যাদেশ পরীক্ষা-নিরীক্ষা করে আইনটি চূড়ান্ত করা হয়।

গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার এ বৈঠক হয়৷ এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ কথা জানান।

বৈঠকে নির্দিষ্ট আলোচ্যসূচির বাইরে গতকাল বিমানের ছয়টি অভ্যন্তরীণ ফ্লাইট চালুর বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করা হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন প্রধানমন্ত্রীকে ফ্লাইট উদ্বোধন করার অনুরোধ জানান।

জানতে চাইলে রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, ৬ এপ্রিল থেকে অভ্যন্তরীণ রুটে বন্ধ থাকা বিমানের ছয়টি ফ্লাইট চালু হবে। এগুলো হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার, সিলেট, যশোর, বরিশাল, রাজশাহী ও সৈয়দপুর। প্রধানমন্ত্রী উদ্বোধনে সম্মতি দিলেও তারিখ ঠিক হয়নি বলে জানান বিমানমন্ত্রী।

গতকালের বৈঠকে ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ দলের ক্রিকেট খেলা নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হয়।

ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকে ভেটিং সাপেক্ষে যুবকল্যাণ তহবিল আইন চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে৷ ‘দ্য ইয়ুথ ওয়েলফেয়ার ফান্ড অর্ডিনেন্স, ১৯৮৫’ দিয়ে এত দিন এই তহবিল পরিচালিত হয়ে আসছিল। মন্ত্রিসভার নির্দেশনা অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বাংলায় এই আইন করার প্রস্তাব উপস্থাপন করে।

ব্রিফিংয়ে জানানো হয়, সরকার ১৯৮৫ সালের পর থেকে এ পর্যন্ত প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবী যুব সংগঠনকে ১১ কোটি ৯৯ লাখ ৬৬ হাজার টাকা অনুদান দিয়েছে। প্রতিটি সংগঠন ২০ থেকে ২৫ হাজার টাকা অনুদান পেয়ে থাকে। ১৯৮৫ সালে এ তহবিল যখন হয়, তখন ১৫ কোটি টাকা সিড মানি দেয় সরকার।