যুবকের অর্থ ফেরত ও দোষীদের চিহ্নিত করতে কমিশন গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুল আলোচিত ও বিতর্কিত যুব কর্মসংস্থান সোসাইটির (যুবক) গ্রাহকদের অর্থ ফেরত বা পরিশোধের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য ছয় সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে।কমিশন যুবকের গ্রাহকদের জমা করা অর্থের পরিমাণ নির্ধারণ এবং প্রতারণার জন্য দোষীদের চিহ্নিত করে ১২০ কর্মদিবসের মধ্যে সরকারের কাছে সুপারিশ করবে।গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, গ্রাহকদের অর্থ পরিশোধ, তাদের হয়রানি বন্ধ এবং যুবক কর্তৃপক্ষ যাতে এর স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করতে না পারে, সে উদ্দেশ্যে কমিশন গঠন করা হয়েছে। সরকার মনে করছে, যুবকের প্রতারণা বন্ধের পাশাপাশি চার বছর ধরে এ বিষয়ে সৃষ্ট অচলাবস্থার একটি স্থায়ী সমাধান দরকার। এজন্য একজন প্রশাসকও নিয়োগ দিতে হবে।আর এসব কাজ করার জন্য ১৯৫৬ সালের কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট অনুযায়ী তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। কমিশনের পক্ষে সাচিবিক দায়িত্ব পালন করবে বাংলাদেশ ব্যাংক।বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন কমিশনের চেয়ারম্যান। সদস্য সচিব থাকবেন গভর্নর আতিউর রহমান মনোনীত বাংলাদেশ ব্যাংকের একজন মহাব্যবস্থাপক। অন্য চার সদস্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নর এবং বাকি তিনজন হবেন অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে যুগ্ম সচিব পর্যায়ের একজন করে প্রতিনিধি।এর কার্যপরিধি সম্পর্কে বলা হয়েছে, কমিশন প্রথমেই যুবকের গ্রাহকদের জমা করা অর্থের পরিমাণ নির্ধারণ করবে। এ অর্থ তাদের কীভাবে এবং কোন পদ্ধতিতে ফেরত বা পরিশোধ করা যায়, সে উপায়ও বের করবে কমিশন। যুবকের স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি বা হস্তান্তরে স্থগিতাদেশ দেওয়ার কার্যক্রম এবং প্রশাসক নিয়োগের পদ্ধতি ও প্রয়োগের সম্ভাব্যতাও ঠিক করবে কমিশন। কার্যপরিধির মধ্যে আরও রয়েছে, প্রতারণার জন্য ফৌজদারি কার্যক্রম গ্রহণের লক্ষ্যে দোষী ব্যক্তিদের চিহ্নিত করা।যোগাযোগ করলে তদন্ত কমিশনের সভাপতি মোহাম্মদ ফরাসউদ্দিন গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে জানান, মন্ত্রণালয় থেকে এখনো আনুষ্ঠানিক পত্র আসেনি। আর কমিশনের সব সদস্যও নিয়োগ হয়নি এখনো। আনুষ্ঠানিক পত্রটি এলেই তদন্ত কমিশনের কার্যক্রম শুরু করা যাবে বলে মনে করছেন তিনি।