যুবকের ক্ষতিগ্রস্তদের নিয়ে নতুন কিছু করার নেই: অর্থমন্ত্রী
যুব কর্মসংস্থান সোসাইটির (যুবক) ক্ষতিগ্রস্ত গ্রাহকদের বিষয়ে নতুন কিছু করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, এত মানুষ যুবকে বিনিয়োগ করেছে, অথচ তাদের একজনও আদালতে যায়নি। সম্পত্তি যাতে অন্য কোথাও চলে যেতে না পারে, এখন শুধু সে ব্যবস্থা নেওয়া যেতে পারে।
আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয়ের বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবকের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে আমার সঙ্গে আলোচনা করতে বলেছিলেন। সেই আলোচনা আজ হয়েছে।’
বৈঠকে অর্থ, বাণিজ্য, স্বরাষ্ট্র, আইন মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘যুবকের সম্পত্তি এলোমেলোভাবে আছে। এমন সংস্থায় বিনিয়োগের আগে গ্রাহকদের সতর্ক হওয়া উচিত ছিল। এ ছাড়া তাঁরা আদালতে যেতে পারতেন, মামলা করতে পারতেন। কিন্তু তাঁদের কোনো খোঁজ নেই।’
যুবকে প্রশাসক নিয়োগের সুপারিশ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রশাসক নিয়োগের সুপারিশ বাস্তবসম্মত কি না, তা ভেবে দেখা হবে।
উল্লেখ্য, রাজধানীর শাহবাগের আজিজ কো-অপারেটিভ মার্কেটে কয়েকটি দোকান ভাড়া নিয়ে ১৯৯৪ সালে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে যুবক। উচ্চ সুদের বিনিময়ে আমানত সংগ্রহ ও ঋণদান কর্মসূচি চালু করে। ২০০৬ সালে কেন্দ্রীয় ব্যাংকের এক তদন্তে যুবকের প্রতারণামূলক কার্যক্রমসহ অবৈধ ব্যাংকিংয়ের চিত্র উঠে আসে। তখনই এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পরে ২০১০ সালের ২৬ জানুয়ারি ক্ষতিগ্রস্ত গ্রাহক ও স্থাবর-অস্থাবর সম্পত্তির তালিকা তৈরি করতে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে একটি তদন্ত কমিশন গঠন করা হয়।
ফরাসউদ্দিন কমিশনের সুপারিশ অনুযায়ী, ২০১১ সালের ৫ মে সাবেক যুগ্ম সচিব রফিকুল ইসলামকে চেয়ারম্যান করে গঠন করা হয় দুই বছর মেয়াদি যুবক কমিশন। মেয়াদ শেষে ২০১৩ সালে কমিশন অর্থ মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেয় এবং প্রশাসক নিয়োগসহ ১৪টি সুনির্দিষ্ট সুপারিশ করে। কিন্তু কোনো সুপারিশই বাস্তবায়িত হয়নি।