যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উপকণ্ঠে তুরাগ থানাধীন ধউর এলাকা থেকে গতকাল সোমবার সকালে অজ্ঞাতপরিচয় এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, অন্য কোথাও গুলি করে হত্যার পর লাশটি ওখানে ফেলে গেছে দুর্বৃত্তরা। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম জানান, ধউরের পুরাতন স্লুইসগেট এলাকায় সকালে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।
এসআই আশরাফুল আলম জানান, নিহত যুবকের বয়স ৩০ থেকে ৩৫ বছর। তাঁর পরনে কালো প্যান্ট ও শরীরের ওপরের অংশ অনাবৃত ছিল। তাঁর মাথার পেছনে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে।
পুলিশ জানায়, লাশ উদ্ধারের স্থানে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। অন্য কোথাও হত্যার পর রাতের আঁধারে দুর্বৃত্তরা লাশটি সেখানে ফেলে গেছে।