যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার বিশমাইল থেকে গতকাল সোমবার অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩২) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আশুলিয়া থানার পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল বাসস্ট্যান্ড থেকে ২০০ গজ দূরে বিশমাইল-জিরাবো সড়কের পাশে লাশটি পড়ে ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গতকাল সকাল আটটার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত ব্যক্তির পরনে ছিল কালো রঙের প্যান্ট আর লাল গেঞ্জি।নারায়ণগঞ্জে লাশ উদ্ধার: নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থেকে গতকাল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ।সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল আলম মোল্লা বলেন, গতকাল সকালে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরের ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালে এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। ওসি জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন নেই।