যুবকের গ্রাহকদের অর্থ ফেরত দিতে কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুব কর্মসংস্থান সোসাইটির (যুবক) প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ ও সম্পদ প্রকৃত গ্রাহকদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পরিমাণ প্রায় দুই হাজার কোটি টাকা। এই অর্থ ও সম্পদ কীভাবে ফেরত দেওয়া হবে, তা নির্ধারণ করতে দুই সদস্যের একটি কমিশন গঠন করা হয়েছে। সাবেক যুগ্ম সচিব রফিকুল ইসলামের নেতৃত্বে গঠিত কমিশনের অপর সদস্য হচ্ছেন প্রশাসনিক ট্রাইব্যুনাল-৩-এর সদস্য মজনুল আহসান। গত সোমবার এই কমিশন দায়িত্ব নিয়েছে। বাংলাদেশ ব্যাংকে হবে এর কার্যালয়। শিগগির কমিশন কাজ শুরু করবে বলে জানিয়েছেন কমিশন প্রধান। গত ৪ মে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কমিশন গঠন করা-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। কমিশনের কাজ সম্পর্কে বলা হয়েছে, যুবক যে অর্থ গ্রহণ করেছে তা সুনির্দিষ্ট করা, জমাকৃত অর্থ পরিশোধের পদ্ধতি নির্ধারণ ও পরিশোধের ব্যবস্থা, দেওয়ানি বা ফৌজদারি কার্যক্রম গ্রহণ করে অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় গ্রাহকের স্বপক্ষে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা গ্রহণ, যুবক ও যুবকসংশ্লিষ্ট স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি বা হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করা এবং যুবক ও যুবকসংশ্লিষ্ট সব স্থাবর-অস্থাবর সম্পত্তির ওপর কমিশন বা কমিশনের পক্ষে কর্তৃপক্ষের দখল ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, প্রয়োজনে এ বিষয়ে প্রশাসক নিয়োগ, গ্রাহকদের জমাকৃত অর্থ পরিশোধ করার ক্ষমতা প্রয়োগ এবং এ জন্য বিজ্ঞপ্তি প্রদান। উল্লেখ্য, গত বছরের ২৬ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন আহমদের নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয়েছিল। ওই কমিশন যুবকসহ এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে সার্বক্ষণিক তদারকির জন্য একটি স্থায়ী কমিশন গঠনের সুপারিশ করে প্রতিবেদন দেয়। সূত্র জানায়, গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিশন দুই লাখ ২৫ হাজার ৩০১ জনের আবেদন পায়। তাঁরা যুবকের দুটি প্রকল্পে দুই হাজার ৩০০ কোটি টাকা পাবেন বলে কমিশন নিশ্চিত হয়েছে। উল্লেখ্য, বিগত বিএনপি সরকারের সময় অবৈধ ব্যাংকিং কর্মকাণ্ডের অভিযোগে যুবককে নিষিদ্ধ করা হয়েছিল। পরবর্তী সময়ে বারবার সময় দেওয়া হলেও গ্রাহকদের অর্থ পরিশোধ করেনি যুবক। এমনকি গ্রাহকদের কাছ থেকে কী পরিমাণ অর্থ নিয়েছে, তারও সঠিক হিসাব জানায়নি। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়েও অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা যায়নি।