রাজধানীর খিলক্ষেতের বনরূপা আবাসিক এলাকায় রেললাইনের পাশ থেকে গতকাল শুক্রবার মাসুদ পারভেজ (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রেল পুলিশ (জিআরপি) জানিয়েছে, ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে ঢাকা জিআরপি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।তবে ঢাকা মেডিকেল কলেজ মর্গে মাসুদের কয়েকজন স্বজন দাবি করেন, তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।ঢাকা জিআরপি থানা জানায়, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে সকালে খিলক্ষেতের বনরূপা রেলক্রসিংয়ের পাশ থেকে মাসুদের হাত বিচ্ছিন্ন ও ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। তিনি উত্তরায় রাজ্জাক সিকিউরিটিজ নামের একটি ব্রোকারেজ হাউসে চাকরি করতেন।স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের বরাত দিয়ে জিআরপি জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটার সময় মাসুদ ট্রেনে কাটা পড়েন। তাঁর বাবার নাম আনসার আলী গাজী, গ্রামের বাড়ী সাতক্ষীরায়। স্ত্রী আনারকলিকে নিয়ে তিনি খিলক্ষেতের বেপারিপাড়ায় থাকতেন।ঢাকা মেডিকেল কলেজ মর্গে মাসুদের পরিবারের সদস্যরা জানান, মাসুদ বৃহস্পতিবার সন্ধ্যার পর এক সহকর্মীর সঙ্গে কর্মস্থল থেকে বের হন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্ত্রীর সঙ্গে মুঠোফোনে তাঁর সর্বশেষ কথা হয়। এরপর তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। সকালে তাঁরা খবর পান, মাসুদ ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।মাসুদের চাচাতো ভাই শাখাওয়াত হোসেন বলেন, যেখান থেকে লাশ উদ্ধার করা হয়েছে, সেখানে মাসুদের যাওয়ার কোনো কারণ নেই। তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। মাসুদের চাচাশ্বশুর ফারুক হোসেনও একই দাবি করেন।ঘটনাস্থল পরিদর্শন করা জিআরপির উপপরিদর্শক নজরুল ইসলাম বলেন, স্থানীয় লোকজন জানিয়েছেন, মাসুদ ওই এলাকায় বাসা ভাড়া করতে গিয়েছিলেন। লাশের পাশ থেকে একটি চূর্ণবিচূর্ণ হয়ে যাওয়া একটি মুঠোফোন সেট ও হেডফোন পাওয়া গেছে। তাঁকে হত্যা করা হয়েছে কি না, সে ব্যাপারে পুলিশ এখনো নিশ্চিত নয়। তাঁর স্বজনেরাও পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি।