যুবকের দুই পা কেটে দিয়েছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের মানিকদি গ্রামে গত শুক্রবার রাতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ছেলে মিলন হোসেনের (২৪) দুটি পা কেটে দিয়েছে সন্ত্রাসীরা। মিলনের বাবা পঙ্গু মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন জানান, রাত ১২টার দিকে মানিকদি গ্রামের আমিরুল ইসলামের ছেলে হলডে, আশাদুল হক ও তরুণ এবং পাশের কেশবপুর গ্রামের জান্টুসহ ১০-১২ জন তাঁর বাড়িতে ঢুকে মিলনকে ঘর থেকে বের করে উঠানে এনে উপর্যুপরি কোপায়। এ সময় বাড়ির অন্য সদস্যদের অস্ত্রের মুখে তারা একটি কক্ষে আটকে রাখে। সন্ত্রাসীরা মিলনকে মৃত ভেবে উঠানে ফেলে রেখে চলে যায়। পরে তাঁকে উদ্ধারের পর গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।গাংনী হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আবদুস সালাম বলেন, ধারালো অস্ত্রের আঘাতে মিলনের দুই পা মারাত্মক জখম হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। ডান পা কেটে ঝুলে পড়ায় তাঁর পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।ষোলটাকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাবদাল হোসেন জানান, প্রাণের ভয়ে তিনিও এলাকায় যেতে পারেন না। আওয়ামী লীগের কর্মীরা তাঁকেও হত্যার হুমকি দিয়েছেন। গ্রামে দুটি হত্যার ঘটনার পর থেকে প্রায় ৩০০ পরিবার এখনো ঘরছাড়া। তিনি নিরাপত্তা চেয়ে থানায় পত্র দিয়েছেন। কিন্তু পুলিশ উল্টো তাঁকে এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল কৃষ্ণ মল্লিক বলেন, ‘রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এই হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি মোকাবিলায় গ্রামে পুলিশ প্রহরা আছে। তবে এই ঘটনায় কোনো মামলা বা কেউ গ্রেপ্তার হয়নি।’ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থীর জয়ের পর থেকেই গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে উত্তেজনা শুরু হয়। সাত মাস আগে রাজনৈতিক সংঘাতে গ্রামে আওয়ামী লীগের দুই কর্মী খুন হন। এর পর থেকে গ্রামের বিএনপির কর্মীরা পরিবার নিয়ে ঘরছাড়া হন। দীর্ঘদিন পর তাঁরা এলাকায় ফিরলে আওয়ামী লীগের কর্মীদের হাতে এই হামলার শিকার হন।