যুবকের পাওনা নিয়ে অনিশ্চয়তায় গ্রাহক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের জামানত ফিরে পাওয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যুব কর্মসংস্থান সোসাইটির (যুবক) মাধ্যমে প্রতারিত গ্রাহকেরা। কমিশন গঠনের ছয় বছর পার হলেও পাওনা পরিশোধের বিষয়টি এখনো ঝুলে রয়েছে।
জানতে চাইলে যুবক প্রতারিত গ্রাহক ফোরাম চট্টগ্রামের সভাপতি ইয়াসমিন আরা বেগম বলেন, ‘কমিশন গঠন করা হয়েছে অনেক দিন হলো। আমরা আশাবাদী হয়েছিলাম। কিন্তু এখন শুনছি এই মন্ত্রণালয় থেকে ওই মন্ত্রণালয়ে রশি-টানাটানি চলছে। কখন কীভাবে টাকা পাব, সেটা বুঝতে পারছি না। আমরা নিজের এবং আত্মীয়স্বজনের কাছ থেকে টাকা এনে যুবকে রেখেছিলাম।’
স্বজনদের কাছে অনেকে মুখ দেখাতে পারছেন না বলেও অভিযোগ রয়েছে। যুবকের কারণে অনেকের সংসার ভেঙে গেছে বলেও জানান ইয়াসমিন বেগম।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার প্রদীপ সেন নামের এক গ্রাহক বলেন, ‘কো-অর্ডিনেটরের মাধ্যমে প্রায় চার লাখ টাকার মতো যুবকের বিভিন্ন প্রকল্পে টাকা জমা রেখেছি। এখন তাঁরা বলছেন কমিশনে কাগজপত্রগুলো পাঠিয়েছেন। এখন কত টাকার দাবি পাঠিয়েছেন, সেটা আমি এখনো নিশ্চিত নই। কবে টাকা পাব, তা-ও জানি না।’
জানা গেছে, চট্টগ্রামে যুবকের গ্রাহকসংখ্যা প্রায় ৫০ হাজার। তাঁরা যুবক আবাসন প্রকল্প, সঞ্চয় প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের নামে টাকা জমা করেন। পতেঙ্গায় একটি জমি বায়নানামা করে যুবক গ্রাহকদের কাছে প্লট বরাদ্দ দিয়েছিল। একই প্লট কয়েকজনের নামে বরাদ্দ দেওয়া হয়েছিল তখন। যুবকের কর্মকর্তারা পালিয়ে যাওয়ার পর ২০০৯ সালে কিছু প্রতারিত গ্রাহক ওই জমিটি দখল করেছিলেন।
২০০৫ সালে যুবকের প্রতারণামূলক কার্যক্রম নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হতে থাকে। ২০০৬ সালে কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে বেরিয়ে আসে যুবকের বিরুদ্ধে অবৈধ ব্যাংকিংসহ নানা প্রতারণার চিত্র। এরপর ২০০৯ সালে টাকা ফেরত দেওয়ার লক্ষ্যে কমিশন গঠন করা হয়।