যুবকের পায়ের রগ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামে দুই বংশের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার সকাল নয়টার দিকে আবু সাইদ মোল্লা (৩০) নামের এক যুবকের পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। হামলায় সাইদের সহোদর কিবরিয়া মোল্লাও (৩৫) গুরুতর আহত হয়েছেন।আহত আবু সাইদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং কিবরিয়াকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গ্রামবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কুমড়ি গ্রামে শেখ ও খাঁ বংশের মধ্যে দ্বন্দ্ব চলছে। শেখ বংশের বর্তমান নেতৃত্ব দিচ্ছেন আকরাম হোসেন শেখ এবং খাঁ বংশের নেতৃত্বে আছেন শাহাবুদ্দিন খাঁ। গত ১২ মে এই দুই বংশের মধ্যে সংঘর্ষে দুজন খুন হয়েছেন। আহত আবু সাইদ মোল্লা ও কিবরিয়া মোল্লা জানান, গতকাল সকালে কুমড়ি বিলে নিজেদের জমির ফসল (তিল) কাটতে গেলে প্রতিপক্ষের রবিউল, তায়েবুল, রিয়াজুল, জিওন, নাজমুলসহ ২০-২৫ জন তাঁদের ফসল কাটতে বাধা দেন। এই বাধা উপেক্ষা করে ফসল কাটতে থাকলে তাঁরা অতর্কিত হামলা চালিয়ে তাঁদের দুই ভাইকে বেধড়ক পেটান। এ সময় ধারালো কাঁচি দিয়ে সাইদ মোল্লার বা পায়ের রগ কেটে দেয় প্রতিপক্ষের লোকজন। আহত দুই ভাই শাহাবুদ্দিন খাঁ পক্ষের লোক।এ ব্যাপারে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।