যুবকের বখাটেপনায় দুই বোনের স্কুলে যাওয়া বন্ধ
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক যুবকের বিরুদ্ধে স্কুলছাত্রী দুই বোনকে উত্ত্যক্ত ও তাদের মায়ের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ওই যুবকের ভয়ে মেয়ে দুটি স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। তারা এ বছর নতুন বই আনতেও যায়নি। যুবকটিকে গত সোমবার পুলিশ আটক করলেও রাতেই ছেড়ে দেয়।
স্থানীয় কয়েকজন বলেন, মেয়ে দুটির বাবা ঢাকায় মিস্ত্রির কাজ করেন। তাঁর স্ত্রী দুই মেয়েকে নিয়ে বাড়িতে থাকেন।
ওই ছাত্রীদের মা বলেন, তাঁর মেয়েদের একই গ্রামের এক বখাটে যুবক (৩২) এক-দুই মাস ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। মেয়েরা কয়েক দিন আগে জানালে তিনি বিষয়টি ওই যুবকের বাবাকে বলেন। এতে যুবকটি আরও ক্ষিপ্ত হন।
মেয়ে দুটি জানায়, গত বছরের নভেম্বরের মাঝামাঝি স্কুলে যাওয়ার পথে ওই যুবক তাদের পথরোধ করে গালিগালাজ করেন। তাঁর কথা না শুনলে অপহরণসহ নানা হুমকি দেন। এ কারণে তারা বার্ষিক পরীক্ষার আগে প্রায় ১৫ দিন স্কুলে যায়নি। তাদের মা সঙ্গে করে নিয়ে পরীক্ষা দেওয়ান।
ওই ছাত্রীদের মা আরও বলেন, গত ২৪ ডিসেম্বর ওই বখাটে তাঁকে শায়েস্তা করার হুমকি দেন। পরদিন সকালে বাড়ির পুকুরে গোসল করতে গেলে ওই বখাটে সেখানে গিয়ে তাঁর শ্লীলতাহানি করেন। এ সময় তিনি দৌড়ে পালিয়ে আসেন। এ ঘটনায় ওই বখাটের বাবাকে নালিশ দিই। ওই বখাটের বাবা উল্টো তাঁকেই গালিগালাজ করেন। পরে ২৬ ডিসেম্বর তিনি উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।
মহিলাবিষয়ক কর্মকর্তা দীপিকা সেন গতকাল মঙ্গলবার বলেন, ‘এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার জন্য আমি আগৈলঝাড়া থানা-পুলিশকে সুপারিশ করেছি।’
মেয়ে দুটির বাবা বলেন, গত শনিবার তাঁর দুই মেয়ে বার্ষিক পরীক্ষার ফল জেনে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই বখাটে তাদের ধাক্কাধাক্কি করে। ভয়ে এর পরদিন থেকে তাঁর মেয়েরা স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। তারা ১ জানুয়ারি পাঠ্যপুস্তক উৎসবে নতুন বই আনতেও স্কুলে যায়নি। বিষয়টি জানালে রোববার পুলিশ ওই বখাটেকে আটক করলেও রাতেই ছেড়ে দেয়। এতে তাঁরা আতঙ্কে রয়েছেন।
এ বিষয়ে গতকাল দুপুরে ওই যুবকের কাছে জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি। তাঁর বাবা বলেন, ‘আমি স্থানীয়ভাবে মীমাংসার কথা বলে ছেলেকে থানা থেকে ছাড়িয়ে এনেছি এবং পুলিশের পরামর্শে ছেলেকে ঢাকায় পাঠিয়েছি।’
আগৈলঝাড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য ওই যুবককে আটক করা হয়েছিল। কিন্তু অভিযোগের সত্যতা না থাকায় ছেড়ে দেওয়া হয়েছে।