যুবকের লাশ নদীতে দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় রাহাত সরদার (২৮) নামের এক যুবককে হত্যার অভিযোগে সুমন হোসেন ও রেজাউল ইসলাম নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার বাঙ্গালী নদী থেকে পুলিশ গত সোমবার দুপুরে রাহাতের লাশ উদ্ধার করে। নিহত রাহাতের পরিবারের দাবি, তাঁকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। এ ঘটনায় নিহত যুবকের চাচা বাদী হয়ে মামলা করেছেন। রাহাতের বাড়ি শেরপুর উপজেলার সরদারপাড়ায়। দুই আসামিকে গতকাল মঙ্গলবার সকালে আদালতে হাজির করা হয়। ওই দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন ও রেজাউল নিজেদের নির্দোষ দাবি করে বলেন, তাঁদের সঙ্গে টাইলস মিস্ত্রি হিসেবে রাহাত কাজ করতেন। কাজ শেষে একই মোটরসাইকেলে ফেরার পথে বথুয়াবাড়ি ঘাট এলাকায় রাহাত গত শনিবার রাতে নেমে গিয়েছিলেন। এর পর থেকে তিনি নিখোঁজ হন।মামলার বিষয়টি নিশ্চিত করে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হক বলেন, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের মুখে আঘাতের চিহ্ন রয়েছে।