যুবকের সাহসিকতায় বেঁচে গেল এক স্কুলছাত্র
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় গত মঙ্গলবার কমল হাসান (২০) নামের এক যুবকের সাহসিকতায় মৃত্যুর হাত থেকে বেঁচে গেল সপ্তম শ্রেণীর ছাত্র মাজেদুল ইসলাম। কমল হাসান রেলসেতুর রেললাইনের স্লিপারে আটকে পড়া মাজেদুলকে নিয়ে ট্রেনে কাটা পড়ার আগমুহূর্তে সেতু থেকে লাফিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, বালাগঞ্জ উপজেলার দীন মোহাম্মদের স্কুলপড়ুয়া দুই ছেলে আজিজুল ইসলাম ও মাজেদুল ফেঞ্চুগঞ্জের গঙ্গাপুর গ্রামে বোনের বাড়িতে বেড়াতে আসে। তারা কখনো ট্রেন দেখেনি, তাই ট্রেন দেখতে বের হয়। তারা সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ ট্রেনের হর্ন শোনতে পায়। সেতু থেকে তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করে দুই ভাই। আজিজুল ফিরে এলেও মাজেদুলের পা রেলওয়ে সেতুর রেললাইনের স্লিপারের ফাঁকে আটকে যায়। এ সময় চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তনগর ট্রেন পাহাড়িকা দ্রুতগতিতে ছুটে আসতে থাকে। অসহায় চোখে তাকিয়ে থাকে বড় ভাই আজিজুল। এ সময় ফেঞ্চুগঞ্জের রাজনপুর গ্রামের কমল হাসান তাকে বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে ছুটে যান তার কাছে। ট্রেনে কাটা পড়ার মাত্র কয়েক সেকেন্ড আগে মাজেদুলকে নিয়ে তিনি সেতু থেকে নিচে দোকানঘরের চালার ওপর লাফিয়ে পড়েন। এতে দুজনই আহত হয়। আহত মাজেদুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বোনের বাড়ি ফিরে গেছে। কিন্তু কমল হাসান শহরের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন।কমল হাসান বলেন, ‘আমার মা-বাবা সব সময় বলেন, মানুষের বিপদে-আপদে এগিয়ে যাবে। মা-বাবার এ কথাটা বারবার মনে পড়ছিল। তাই বন্ধুদের কথা উপেক্ষা করে আমি তাকে উদ্ধার করেছি।’