যুবকের স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জে রাবিনা বেগম (১৬) নামের নবম শ্রেণির এক ছাত্রীকে হত্যার অভিযোগে গত বৃহস্পতিবার রাতে এক ব্যক্তিকে সিলেট থেকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রেমের ফাঁদে ফেলে ওই ছাত্রীকে হত্যা এবং লাশ ধলাই নদে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন।

স্কুলছাত্রী রাবিনা উপজেলার ইসলামপুর ইউনিয়নের গুলের হাওর গ্রামের দরিদ্র কৃষক তায়াম উদ্দীনের মেয়ে। সে ভান্ডারীগাঁও উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। সে গত ১২ জুলাই নিখোঁজ হয়। আর আটক প্রেমিকের নাম দেলওয়ার হোসেন (৩২)। তাঁর বাড়ি আদমপুর ইউনিয়নের মাটিয়া মসজিদ এলাকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেলওয়ারের দেওয়া তথ্য এবং স্কুলছাত্রীর পরিবারের করা সাধারণ ডায়েরির (জিডি) বরাত দিয়ে কমলগঞ্জ থানার পুলিশ বলেছে, রাবিনার সঙ্গে মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন দেলওয়ার। গত ১২ জুলাই সন্ধ্যায় রাবিনাকে বাড়ি থেকে মাটিয়া মসজিদ এলাকায় নিয়ে যান তিনি। এরপর থেকে রাবিনা নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খোঁজ করেও মেয়েকে না পেয়ে ২৪ জুলাই থানায় জিডি করেন তায়াম উদ্দীন। এরপর মুঠোফোনের কললিস্ট পরীক্ষায় সন্দেহমূলক নম্বর শনাক্ত করে সেই সূত্র ধরে বৃহস্পতিবার রাতে দেলওয়ারকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে দেলওয়ার স্বীকার করেছেন, রাবিনাকে তিনি তাঁর একটি আস্তানায় রেখেছিলেন। সেখানে ১৫-২০ দিন আগে তাকে হত্যা করে লাশ ধলাই নদে ফেলে দেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান বলেন, সিলেট শহর থেকে দেলওয়ারকে আটক করা হয়। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন। গতকাল শুক্রবার বিকেলে দেলওয়ার আদমপুর ইউনিয়নের মাটিয়া মসজিদ এলাকার যে আস্তানায় রাবিনাকে রেখেছিলেন, সে জায়গাটি দেখিয়েছেন।

এদিকে, কমলগঞ্জ পৌরসভার রামপাশা গ্রামের কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ১৫-২০ দিন আগে নদীতে একটি মেয়ের লাশ ভেসে যেতে দেখেন তাঁরা। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানায় জানানো হলেও লাশটি উদ্ধারের উদ্যোগ না নেওয়ায় তা ভেসে যায়। তবে এ ব্যাপারে থানা-পুলিশের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।