চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মো. ফোরকান (৩০) নামের এক যুবকের হাতে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। এলাকাবাসীর প্রতিরোধের কারণে সে চেষ্টা ব্যর্থ হয়। গত বুধবার রাতে বরুমচড়া গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিযোগ, এ ঘটনার সঙ্গে আনোয়ারা থানার পুলিশ জড়িত। পুলিশ দাবি করেছে, সোর্সের ভুল তথ্যের কারণে এ ঘটনা ঘটেছে।প্রত্যক্ষদর্শী এলাকার একাধিক ব্যক্তি জানান, রাত আটটার দিকে ওই গ্রামের ফোরকানের চায়ের দোকানের কাছে সাদা পোশাকের একদল পুলিশ অবস্থান নেয়। কিছুক্ষণ পর তাদের কয়েকজন দোকানে গিয়ে ফোরকানের হাতে অস্ত্রসহ একটি ব্যাগ ধরতে বলেন। এ সময় ফোরকান অপরিচিত ব্যক্তির হাত থেকে ব্যাগ নিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে তাঁরা অস্ত্রসহ ফোরকানকে আটক করেছেন বলে অন্য পুলিশ সদস্যদের ডেকে আনেন। এ সময় দোকানে অবস্থানরত স্থানীয় ব্যক্তিরা হতবাক হয়ে যান। ফোরকান চিৎকার দিলে আশপাশের আরও মানুষ জড়ো হতে থাকে। একপর্যায়ে জনতা ওই পুলিশ সদস্যদের ঘেরাও করে। পরে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন আহমদ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করেন এবং অস্ত্রসহ ব্যাগটি নিয়ে থানায় ফিরে যান।ফোরকান জানান, কেন তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, তা তিনি জানেন না। তিনি ও তাঁর পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল আওয়াল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, সোর্সের মিথ্যা তথ্যের কারণে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।গতকাল সন্ধ্যায় ওসি জালাল উদ্দিন আহমদ বলেন, সোর্সকে গ্রেপ্তার ও তাঁর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।