যুবদল ও ছাত্রদলের চার নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে হওয়া মামলায় যুবদল ও ছাত্রদলের চার নেতার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই মামলায় আদালত তিন দিন পর পর হাজিরার শর্তে নয় নেতার জামিন বহাল রেখেছেন।
গত মঙ্গলবার দুপুরে মামলার ধার্য তারিখে শুনানি শেষে নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইশরাত জাহান এ আদেশ দেন। আদালত পুলিশের উপপরিদর্শক গোলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নেতারা হলেন নারায়ণগঞ্জ নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রশিদুর রহমান, নগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রানা মজিব ও মোয়াজ্জেম হোসেন এবং নগর ছাত্রদল নেতা জনি।
আর তিন দিন পর পর হাজিরার শর্তে জামিনপ্রাপ্তরা হলেন নগর বিএনপির সহসভাপতি সুরুজ্জামান ও সরকার হুমায়ন কবির, যুগ্ম সম্পাদক নুরুল হক চৌধুরী, নগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার, যুবদল নেতা হাবিবুর রহমান, কাউছার রহমান খান, এরশাদ, পারভেজ ও দিদার খন্দকার।
আদালত সূত্রে জানা যায়, ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে কয়েকজনকে আহত করা হয়। একই সময় গাড়ি ভাঙচুর করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এ ঘটনায় ২২ জনের নাম উল্লেখ করে মামলা হয়। ঘটনাটি পুলিশের সাজানো নাটক বলে দাবি বিএনপির।