যুবদল ও ছাত্রদলের তিন নেতার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা বন্দরে গত বুধবার সন্ধ্যায় যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় যুবদল ও ছাত্রদলের তিন নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়। হামলায় যুবদলের তিনজন ও ছাত্রদলের একজন কর্মী আহত হন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, কয়েক দিন আগে ধানীসাফা ইউনিয়ন যুবলীগের নেতা মো. হানিফকে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা মারধর করেন। এ ঘটনার জের ধরে গত বুধবার সন্ধ্যায় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা সাফা বন্দরে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা চালান। এতে যুবদলের কর্মী মনির হোসেন, ইদ্রিস আলী, ইব্রাহিম মিয়া ও ছাত্রদলের কর্মী মো. শাহিন আহত হন। এ সময় ওই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তোফাজ্জেল বেপারি, সদস্য ইদ্রিস আলী ও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুল হকের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়।ধানীসাফা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিয়া মো. ফারুক বলেন, তিনি খবর পেয়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের নিবৃত্ত করে পরিস্থিতি শান্ত করেছেন।