যুবদল ও ছাত্রদলের বাধায় নিলাম পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের বাধায় গত বুধবার কিশোরগঞ্জের কুলিয়ারচর ডিগ্রি কলেজের দুটি পরিত্যক্ত ভবনের খোলা ডাক (নিলাম) পণ্ড হয়ে গেছে। খোলা ডাকে অংশ নেওয়ার সুযোগ না পেয়ে তাঁরা এ ঘটনা ঘটান। এ সময় তাঁরা অধ্যক্ষের কক্ষে ঢুকে অধ্যক্ষসহ উপস্থিত শিক্ষকদের গালাগাল করেন। এ ছাড়া তাঁরা কলেজের অফিস সহকারী মিল্লাত মিয়াকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
এ ঘটনায় বৃহস্পতিবার অধ্যক্ষ মো. ইদ্রিছ মিয়া বাদী হয়ে ছাত্রদল ও যুবদলের ১০ নেতা-কর্মীকে আসামি করে দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। পরে পৌর যুবদলের নির্বাহী সদস্য মো. ফরহাদকে গ্রেপ্তার করে পুলিশ। কলেজ সূত্রে জানা গেছে, পরিচালনা পর্ষদ কুলিয়ারচর ডিগ্রি কলেজের আধাপাকা দুটি ভবন খোলা ডাকে বিক্রির সিদ্ধান্ত নেয়। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার দুপুর ১২টা পর্যন্ত ডাকে অংশ নেওয়ার নাম অন্তর্ভুক্তির সময় বেঁধে দেওয়া হয়। ১০ হাজার টাকা অগ্রিম জমা দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে ১২ জন নাম অন্তর্ভুক্ত করান। এর মধ্যে নয়জনই যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী। অন্যরা কিশোরগঞ্জের ব্যবসায়ী।
ডাক প্রক্রিয়া শুরুর সময় বেলা সোয়া দুইটার দিকে ছালাম ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী নিয়ে অধ্যক্ষের কক্ষে প্রবেশ করেন। কক্ষে ঢুকেই অধ্যক্ষের উদ্দেশে বলেন, তাঁরা জানতে পেরেছেন, ছাত্রলীগ ও যুবলীগ ছাড়া অন্য কাউকে খোলা ডাকে অংশ নিতে দেওয়া হচ্ছে না। পরে তাঁরা বিনা জামানতে পাঁচটি নাম অন্তর্ভুক্তির দাবি করেন। সময় শেষ বলামাত্র নেতা-কর্মীরা সব শিক্ষককে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন।
ছালাম তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। উপাধ্যক্ষ আবদুস ছাত্তার জানান, পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে খোলা ডাকের আয়োজন করা হয়।