যুবদল কর্মী ও বৃদ্ধের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া ফিনিশঘাট থেকে গতকাল শনিবার যুবদল কর্মী আমজাদ হোসেনের (২৬) বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন গাজীপুর শহরের রথখোলা এলাকার একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।
ফিনিশঘাট এলাকার অনেকে জানান, ৩ জানুয়ারি থেকে আমজাদ হোসেন নিখোঁজ ছিলেন। গতকাল বিকেলে উপজেলার নোয়াপাড়া ফিনিশঘাটে শীতলক্ষ্যা নদীর তীরে তাঁর বস্তাবন্দী লাশ দেখে লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
গাজীপুরের ঘটনায় এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, রথখোলা এলাকার একটি ডোবায় গতকাল বেলা তিনটার দিকে এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশের ধারণা, শুক্রবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ওই বৃদ্ধকে হত্যা করে ডোবায় ফেলে রেখে যায়।