যুবদল কর্মী নিহতের গুজব
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গত ২৭ অক্টোবর হরতালের সময় ছিদ্দিক নামের যুবদলের এক কর্মী নিহত হয়েছেন বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হলেও এর সত্যতা মেলেনি। যুবদলের কেন্দ্রীয় এক নেতা, আওয়ামী লীগের স্থানীয় সাংসদ ও পুলিশ সুপার এ তথ্য জানিয়েছেন।
সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, ওই মৃত্যুর গুজব ছড়ানোর মূল উদ্দেশ্য ছিল জেলার অন্যান্য এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের উসকে দিয়ে অরাজকতা সৃষ্টি করা। তবে ওই অভিযোগ অস্বীকার করেছে উপজেলা বিএনপি।
২৭ থেকে ২৯ অক্টোবর টানা ৬০ ঘণ্টার হরতাল পালন করে বিএনপি। হরতালের প্রথম দিন ২৭ অক্টোবর আড়াইহাজারে পুলিশের গুলিতে যুবদলের কর্মী ছিদ্দিক নিহত হয়েছেন বলে জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন। সেখানে ছিদ্দিককে যুবদলের কর্মী উল্লেখ করা হলেও তাঁর বাবার নাম, গ্রামের নাম উল্লেখ করা হয়নি। এমনকি ছিদ্দিকের লাশ কোথায় কখন দাফন করা হয়েছে, তাও উল্লেখ ছিল না।
খোঁজ নিয়ে জানা গেছে, যুবদলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের সমর্থক নেতা-কর্মীদের সঙ্গে ২৭ অক্টোবর পুলিশের সংঘর্ষ হয়। ওই দিন দুপুরে আজাদ দাবি করেন, আড়াইহাজারের পাঁচরুখি এলাকায় ছিদ্দিক নামের যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। একই সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় সংবাদ সম্মেলনেও একই দাবি করেন। পরে সাংবাদিকেরা খোঁজ নিয়ে জানতে পারেন, পাঁচরুখি এলাকায় ছিদ্দিক নামের যুবদলের কোনো নেতা-কর্মী নেই।
স্থানীয় আওয়ামী লীগের সাংসদ নজরুল ইসলাম জানান, ২৭ অক্টোবর এখানে এমন কোনো ঘটনাই ঘটেনি। সেটি ছিল স্রেফ গুজব।
পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘২৭ অক্টোবর আমি আড়াইহাজারে ছিলাম। যুবদলের কর্মী নিহত হওয়ার ঘটনাটিকে সেই দিনও আমি গুজব বলেছিলাম। আজও (গতকাল) বলছি, এটা নিছক গুজব।’
আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি বদরুজ্জামান খসরু বলেন, সেদিন উপজেলা বিএনপির পক্ষ থেকে এমন কোনো দাবি করা হয়নি। যাঁরা এমন দাবি করেছেন, তাঁরাই মৃত্যুর বিষয়ে ভালো বলতে পারবেন।
যুবদলের নেতা নজরুল ইসলাম আজাদ বলেন, ‘আমি নেতা-কর্মীদের কাছ থেকে শুনে বলেছিলাম, ছিদ্দিক নামের আমাদের এক কর্মী নিহত হয়েছেন।’