যুবদল কর্মী হত্যা মামলার রায়ে ১০ জন খালাস
চট্টগ্রামে ১৯৯৬ সালে নগর যুবদলের কর্মী আজাদ আলী খানকে প্রকাশ্যে গুলি করে হত্যা মামলার রায়ে আজ মঙ্গলবার শীর্ষ সন্ত্রাসী হেলাল আকবর চৌধুরী ওরফে বাবরসহ ১০ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদ এ রায় ঘোষণা করেন। হত্যাকাণ্ডের ১৯ বছর পর এ মামলার রায় ঘোষণা করা হলো।
কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য হেলাল আকবর চৌধুরী বাবর নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। গত বছরের ২৪ জুন নগরের সিআরবি এলাকায় রেলের দরপত্র নিয়ে ছাত্রলীগ-যুবলীগের দুই দলের সংঘর্ষ হলে এক শিশুসহ দুজন নিহত হন। এ মামলায় গ্রেপ্তার হলে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।
রায়ে খালাস পাওয়া বাকি নয় আসামি হলেন সুনীল দে, মফিজুর রহমান দুলু, সুরজিত বড়ুয়া, উৎপল কুমার চৌধুরী, ইফতেখার, জাফর উল্লাহ, শাহনেওয়াজ, হুমায়ুন কবির ও হাফিজুর রহমান। এরা সবাই ছাত্রলীগ-যুবলীগের সাবেক কর্মী।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারী কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আইয়ুব খান প্রথম আলোকে বলেন, আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণে অপরাধ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেন আদালত। মামলায় ১১ জন সাক্ষীর মধ্যে সাতজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। এর মধ্যে নিহত ব্যক্তির ভাই ও আত্মীয়ও ছিলেন। তাঁরা সবাই সাক্ষ্যে গুলিতে আজাদ আলী খান নিহতের কথা স্বীকার করলেও কে বা কারা গুলি করেছে, তা জানেন না বলে আদালতকে জানান। এ কারণে রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে পারেনি।
আইয়ুব খান আরও বলেন, মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক। এ কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলাটি প্রত্যাহার করতে সুপারিশ করলে প্রত্যাহারের জন্য দুই দফায় আদালতে আবেদনও করা হয়েছিল। কিন্তু তা নাকচ করে দেন আদালত। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ দুপুরে রায় ঘোষণার আগে খালাস পাওয়া আসামি বাবর বিশাল বহর নিয়ে আদালত প্রাঙ্গণে এলেও নিহতের পরিবারের কাউকে দেখা যায়নি।
মামলার বাদী নিহতের ছোট ভাই সেলিম খান এজাহারে উল্লেখ করেন, ১৯৯৬ সালের ৯ এপ্রিল নগরের আউটার স্টেডিয়ামে মিছিল নিয়ে যাওয়ার পথে নন্দনকানন এলাকায় আজাদ আলী খানকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেন হেলাল আকবরসহ তাঁর সহযোগীরা। পরের বছরের ৬ মার্চ এসআই হুমায়ুন কবির ১০ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২০০০ সালের ২৭ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করেন আদালত আসামিদের বিরুদ্ধে। সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।