যুবদল কর্মীকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় শাকিল আহমেদ (১৯) নামের যুবদলের এক কর্মীকে গত বুধবার ছাত্রলীগের কর্মীরা পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷
গফরগাঁও পৌর যুবদলের সভাপতি সাইদুল ইসলাম ও উপজেলা যুবদলের আহ্বায়ক সরদার মো. খুররম নিশ্চিত করেছেন, নিহত শাকিল যুবদলের কর্মী৷
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বৃহস্পতিবার এ ঘটনার নিন্দা জানিয়েছেন৷
গফরগাঁও বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গফরগাঁও পৌর শহরের ষোলহাশিয়া এলাকার শাকিল ও কবীর বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ থেকে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনে চড়ে গফরগাঁওয়ের উদ্দেশে রওনা হন৷ পরে ট্রেনে গফরগাঁও ছাত্রলীগের কয়েকজন কর্মীর সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়৷ একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা মুঠোফোনে গফরগাঁও ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের ঘটনাটি জানান। রাত সাড়ে আটটার দিকে ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে থামলে শাকিল ও কবীর নেমে পড়েন। এ সময় ছাত্রলীগের কর্মীরা তাঁদের ‘ছিনতাইকারী’ বলে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। এর আধা ঘণ্টা পর ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা উত্তেজিত হয়ে শাকিল ও কবীরকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন৷ এরপর রেলওয়ে স্টেশনসংলগ্ন একটি বিপণিবিতানে নিয়ে লাঠিসোঁটা দিয়ে তাঁদের বেধড়ক মারধর করেন। গুরুতর অবস্থায় দুজনকে রেলওয়ে পুলিশের কাছে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা ফিরিয়ে দিতে চাইলেও পুলিশ নিতে রাজি হয়নি। পরে গফরগাঁও থানার পুলিশ এসে দুজনকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাতে অবস্থার অবনতি হলে তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাকিলের মৃত্যু হয়।
গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী ও ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আবদুস ছাত্তার জানান, শতাধিক দুর্বৃত্ত আচমকা ফাঁড়িতে আক্রমণ করে শাকিল ও কবীরকে ছিনিয়ে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে ময়মনসিংহ রেলওয়ে থানায় মামলা হয়েছে।