যুবদল-ছাত্রদল সংঘর্ষ আহত ৮
লক্ষ্মীপুরের রায়পুর শহরের প্রধান সড়কে গত শনিবার সন্ধ্যায় যুবদল-ছাত্রদলের সংঘর্ষে উভয় পক্ষের আট নেতা-কর্মী আহত হন। তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কেরোয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী নজরুল ইসলাম সরকার ও জহিরুল আলমের সমর্থকদের মধ্যে কয়েক মাস ধরে দ্বন্দ্ব চলছে। এর জের ধরে গতকাল যুবদলের সদস্য আবদুল কাদের ও পৌর ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এনামুল হক রাসেলের মধ্যে কথা-কাটাকাটি হয়।
পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে মো. পলাশ, আবদুল কাদের, সুমন মোল্লা, মাসুদ আলম, সাদ্দাম হোসেন, পারভেজ করিম, হুমায়ুন কবিরসহ আটজন আহত হন।
কেরোয়া ইউনিয়ন যুবদলের সদস্য আবদুল কাদের বলেন, ‘১৮-দলীয় জোটের বিক্ষোভ সমাবেশের জন্য ইউনিয়ন থেকে যুবদলের নেতা-কর্মীরা শহরে যান। কিছু বুঝে ওঠার আগেই নজরুল ইসলাম সরকারের অনুসারী ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী আমাদের ওপর হামলা করেন।’
এ ব্যাপারে কেরোয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকার বলেন, ‘জহিরুল আলমের অনুসারী যুবদলের কয়েকজন নেতা-কর্মী আমার সমর্থকদের ওপর অন্যায়ভাবে হামলা করেছেন। বিষয়টি নেতাদের অবহিত করেছি।’ রায়পুর থানার উপপরিদর্শক শামছুল হক বলেন, ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।