যুবদল-ছাত্রদলের ১৮ নেতা-কর্মীর জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য গায়ক আসিফ আকবরের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের করা মামলায় যুবদল ও ছাত্রদলের ১৮ জন নেতা-কর্মী হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। গত সোমবার বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি রেজাউল হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।যুবদল-ছাত্রদল নেতাদের আইনজীবী সোহরাব হোসেইন ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা গত ৩১ জানুয়ারি কুমিল্লার মিয়ামি রেস্তোরাঁয় আসিফকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনায় আসিফ বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। পুলিশ ৯ ফেব্রুয়ারি ১৮ জনের নামে অভিযোগপত্র দাখিল করে। এদিকে আসিফের ওপর হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার কুমিল্লা শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় মানববন্ধনও করা হয়।