যুবদল নেতা আবুল হাশেমের জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর যুবদলের নেতা ও কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি আবুল হাশেম বক্করের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সোলায়মান শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে বক্করকে কারা ফটকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। 

মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ রেজাউল মাসুদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘গত ২৫ অক্টোবর নগরের ইস্পাহানি মোড়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলায় আবুল হাশেম বক্করকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ডের আবেদন করে কোতোয়ালি থানা পুলিশ। আদালতে রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেন বক্করের আইনজীবীরা। শুনানি শেষে আদালত বক্করের জামিন আবেদন নাকচ করে তাঁকে কারা ফটকে জিজ্ঞাসাবাদ করতে আদেশ দেন। 

গতকাল বুধবার সকালে নগরের এনায়েত বাজার এলাকা থেকে বক্করকে আটক করে র্যাব-৭। নাশকতার পরিকল্পনার অভিযোগে তাঁকে আটক করে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এদিকে বক্করকে গ্রেপ্তারের প্রতিবাদে ও তাঁর মুক্তির দাবিতে নেতা-কর্মীরা আজ দলীয় কার্যালয়ে সামনে ও আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন।