যুবদল নেতা কামরুল হুদার জামিন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রােম বাসে পেট্রলবোমা হামলা মামলার আসামি যুবদল নেতা মো. কামরুল হুদাকে হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তী জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। কামরুল হুদার পক্ষে ছিলেন আইনজীবী মেজবাহউদ্দিন আহমেদ।
আদেশের পর মুরাদ রেজা বলেন, ‘কামরুল হুদা গত ১০ মে দেশ ছেড়ে পালাতে গিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েন। তাই শুনানিতে বলেছি, আসামিকে জামিন দেওয়া হলে তিনি আবার দেশ ছেড়ে পালাবেন।’
৩ ফেব্রুয়ারি ভোরে চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আইকন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে বাসের ভেতর পুড়ে সাতজন মারা যান। আহত ও দগ্ধ হন কমপক্ষে ২৮ জন। বাসটি কক্সবাজার থেকে ঢাকা ফিরছিল। পরে চৌদ্দগ্রাম থানায় দুটি মামলা করে পুলিশ। সাতজনকে পুড়িয়ে হত্যার অভিযোগে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধিতে দুটি পৃথক মামলার আসামি হিসেবে খালেদা জিয়াসহ ৫৬ জনের নাম উল্লেখ করা হয়।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সূত্র জানায়, আসামিদের একজন কেন্দ্রীয় যুবদলের সদস্য মো. কামরুল হুদা ১০ মে দেশ ছেড়ে পালানোর সময় শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার হন। ১৩ জুলাই তিনি হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ থেকে ছয় মাসের অন্তর্বর্তী জামিন পান। পরে ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যায় রাষ্ট্রপক্ষ।