যুবদল নেতা বক্করের জামিন নামঞ্জুর
চট্টগ্রাম মহানগর যুবদল নেতা ও কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি আবুল হাশেম ওরফে বক্করের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার বিকেলে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সোলায়মান শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে বক্করকে কারাফটকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ রেজাউল মাসুদ প্রথম আলোকে বলেন, ‘গত ২৫ অক্টোবর নগরের ইস্পাহানি মোড়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলায় আবুল হাশেম বক্করকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ডের আবেদন করেন কোতোয়ালি থানার পুলিশ। তাঁর রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন আইনজীবী। শুনানি শেষে আদালত বক্করের জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাফটকে জিজ্ঞাসাবাদ করতে আদেশ দেন।
গত বুধবার সকালে নগরের এনায়েত বাজার এলাকা থেকে বক্করকে আটক করে র্যাব-৭। নাশকতার পরিকল্পনার অভিযোগে তাঁকে আটক করে বলে র্যাব-৭ চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার সুুজ্ঞান চাকমা দাবি করেন। পরে তাঁকে কোতোয়ালি থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এদিকে বক্করকে গ্রেপ্তারের প্রতিবাদে নেতা-কর্মীরা গতকাল দলীয় কার্যালয়ের সামনে ও আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন।