যুবদল নেতা মিলন হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি
রংপুর যুবদলের নেতা রেজাউল করিম ওরফে মিলন হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গত বুধবার নীলফামারীর সৈয়দপুর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। সৈয়দপুর শহর যুবদল এসব কর্মসূচির আয়োজন করে। বুধবার রাতে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের বিএনপির কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা হয়। এতে সৈয়দপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল হক, জেলা যুবদলের সভাপতি রশিদুল হক সরকার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শহর যুবদলের সাধারণ সম্পাদক জামিল খান, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিজওয়ান আক্তার প্রমুখ বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন শহর যুবদলের সভাপতি তারিক আজিজ। এর আগে যুবদলের নেতা মিলন হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ১২ নভেম্বর সন্ত্রাসীরা রংপুর জেলা যুবদলের সহ-তথ্য ও গবেষণা সম্পাদক মিলনকে রংপুর শহরের সার্কিট হাউস এলাকায় হত্যা করে।