যুবদল নেতা হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
বাগেরহাটের যুবদল নেতা আবদুল হালিম তালুকদার হত্যা মামলায় মো. নূরুজ্জামান নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে বাগেরহাটের দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান এই রায় দেন।
আদেশে নূরুজ্জামানকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডাদেশপ্রাপ্ত মো. নূরুজ্জামান বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের বর্ণি গ্রামের আবদুল জলিল মাস্টারের ছেলে। মামলা চলাকালে জামিনে মুক্তি পেয়ে তিনি আত্মগোপন করেন।
নিহত আবদুল হালিম তালুকদার মংলা পৌর যুবদলের সভাপতি ও পৌর কাউন্সিলর ছিলেন। তিনি মংলা পৌরসভার কবরস্থান সড়কের প্রয়াত নূর মোহাম্মদ তালুকদারের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৩ সালের ১৫ ডিসেম্বর সন্ধ্যায় মংলা শহরের রিমঝিম সিনেমা হলের পেছনে আবদুল হালিম তালুকদার কয়েকজনসহ ব্যাডমিন্টন খেলছিলেন। এ সময় দুটি রিকশাযোগে চার ব্যক্তি খেলার মাঠে এসে যৌথ বাহিনীর সদস্য পরিচয়ে হালিমকে ডাক দেন। হালিম খেলা বন্ধ করে এগিয়ে গেলে আসামি নূরুজ্জামান তাঁর কাছে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে তাঁকে গুলি করে হত্যা করেন। স্থানীয় লোকজন নূরুজ্জামানকে ধাওয়া করে অস্ত্র ও গুলিসহ ধরে যৌথ বাহিনীর কাছে সোপর্দ করে। ঘটনার পরদিন নিহত হালিমের ভাই মোজাম্মেল হোসেন তালুকদার বাদী হয়ে নূরুজ্জামানসহ আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত-আটজনের বিরুদ্ধে মংলা থানায় হত্যা মামলা করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বাগেরহাট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) শেখ মোহাম্মদ আলী। আসামিপক্ষে ছিলেন অজিয়ার রহমান।