যুবদল নেতা হত্যার ১২ দিনেও আসামি গ্রেপ্তার হয়নি
শায়াদ আজিজ (৯), উমায়ের আজিজ (৫) ও বারীরা আজিজ (৫ মাস)—এ তিন শিশুসন্তানকে নিয়ে আতঙ্কে আছেন বদরুন নাহার। বাসায় যাঁরাই তাঁকে সান্ত্বনা দিতে যান, তাঁদের হাত চেপে ধরে জীবনের নিরাপত্তা চান। কারণ, পুলিশ গত ১২ দিনেও তাঁর স্বামী কুমিল্লা নগর যুবদলের ৩ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক এ এস এম তৌহিদ হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। গতকাল বৃহস্পতিবার বদরুন নাহার প্রথম আলোর এই প্রতিবেদককে তাঁর হতাশা ও আতঙ্কের কথা জানান। বদরুন নাহার বলেন, ‘১৬ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় নগরের রেসকোর্স এলাকায় প্রকাশ্য দিবালোকে আমার স্বামী এ এস এম তৌহিদকে ছুরিকাঘাতে হত্যা করেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য আহসান হাবিব ওরফে মিঠু। আর ওই ঘটনায় মদদ দেন তাঁর ভাই কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির প্রচার সম্পাদক মোস্তফা জামান। দুই ভাইকে আসামি করে ওই দিন রাতেই হত্যা মামলা হয়েছে। এখন দলের পক্ষ থেকে চাপ আসছে মোস্তফাকে মামলা থেকে বাদ দেওয়ার।’ বদরুন নাহার আরও জানান, ‘রাজনৈতিক আধিপত্য নিয়ে প্রায়ই আহসান হাবিব আমার স্বামীকে নাজেহাল করতেন। মোস্তফার কাছে একাধিকবার আহসান হাবিবের বিরুদ্ধে নালিশ দেওয়া হয়েছিল। তিনি তাঁর আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। ভাইকে নিয়ন্ত্রণে আনলে আজ আমার এমন অবস্থা হতো না। আমি এখন নাবালক দুই পুত্রসন্তান ও এক কন্যাসন্তানকে নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছি। আসামিরা গ্রেপ্তার না হওয়ায় আতঙ্ক আরও বাড়ছে।’ বদরুন নাহার বলেন, ‘এ মামলা নিয়ে আমার যতটুকু পথ পাড়ি দিতে হয়, দেব। আমার সন্তানেরা ওদের বাবার জন্য কাঁদে। ছোট ছেলে উমায়ের আজিজ বাবাকে ছাড়া ঘুমাতে পারত না। সেই ছেলে এখন কেমন জানি হয়ে গেছে!’ এদিকে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সংগীতশিল্পী আসিফ আকবর অবিলম্বে আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। গত বুধবার উভয় নেতা নিহত নেতার বাড়িতে গিয়ে স্বজনদের সান্ত্বনা দেন। এর আগে মঙ্গলবার কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী নিহতের পরিবারকে সান্ত্বনা দিতে গিয়েছিলেন। জানতে চাইলে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, আসামিরা গা ঢাকা দিয়েছে। তাঁদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।