যুবদল নেতা হত্যার ১৫ দিন পর পুলিশ বাদী হয়ে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে যুবদলের নেতা আবদুর রহমান হত্যার ১৫ দিন পর গতকাল বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছে।৩ জানুয়ারি রাতে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা আবদুর রহমানকে গুলি ও কুপিয়ে হত্যা করে। সে ফেনী জেলা যুবদলের সদস্য ও সোনাগাজীর চর দরবেশ ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন।পুলিশ জানায়, ৩ জানুয়ারি রাতে দুষ্কৃতকারীরা আবদুর রহমানকে সোনাগাজীর দক্ষিণ-পশ্চিম চর দরবেশ গ্রামের একটি দোকান থেকে ধরে নিয়ে গুলি করে এবং এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে লাশ সেখানে সড়কের পাশে ফেলে যায়। লাশের ময়নাতদন্তের পর পরিবারের পক্ষ থেকে কোনো মামলা না করায় অবশেষে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। মামলার বাদী হয়েছেন সোনাগাজী থানার উপপরিদর্শক সৈয়দ আক্তার হোসেন। এদিকে নিহত যুবদল নেতা আবদুর রহমানের ছোট ভাই আবদুল্লা আল মামুন বলেন, সন্ত্রাসীরা মামলা না করার জন্য হুমকি দিচ্ছে। যে কারণে পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি।