যুবদল নেতা হত্যায় একজনের যাবজ্জীবন
বাগেরহাটে যুবদল নেতা আবদুল হালিম তালুকদার হত্যা মামলায় মো. নূরুজ্জামান নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
আজ মঙ্গলবার দুপুরে বাগেরহাটের দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান এ রায় দেন।
দণ্ডাদেশ পাওয়া মো. নূরুজ্জামানের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার বর্ণি গ্রামে। মামলা চলাকালে জামিনে মুক্তি পেয়ে তিনি আত্মগোপনে আছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, নিহত আবদুল হালিম তালুকদার মংলা পৌর যুবদলের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর ছিলেন। ২০০৩ সালের ১৫ ডিসেম্বর সন্ধ্যায় মংলা শহরের রিমঝিম সিনেমা হলের পেছনে তিনিসহ কয়েকজনসহ ব্যাডমিন্টন খেলছিলেন। এ সময় চার ব্যক্তি খেলার মাঠে গিয়ে যৌথ বাহিনীর সদস্য পরিচয়ে তাঁকে ডাক দেয়। হালিম খেলা বন্ধ করে তাদের দিকে এগিয়ে গেলে আগ্নেয়াস্ত্র দিয়ে তাঁকে গুলি করে হত্যা করা হয়। স্থানীয় লোকজন তখন নূরুজ্জামানকে ধাওয়া করে অস্ত্র, গুলিসহ ধরে যৌথ বাহিনীর কাছে সোপর্দ করে। ঘটনার পরের দিন ১৬ ডিসেম্বর নিহত ব্যক্তির ভাই মোজাম্মেল হোসেন তালুকদার বাদী হয়ে নূরুজ্জামানসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও সাত থেকে আটজনকে আসামি করে মংলা থানায় হত্যা মামলা করেন। নূরুজ্জামান ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হালিমকে হত্যার কথা স্বীকার করেন।
প্রথমে পুলিশ ও পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটি তদন্ত করে। বাগেরহাট জেলা সিআইডির তৎকালীন পরিদর্শক মো. রফিকুল ইসলাম জোয়াদ্দার ২০০৮ সালের ১৮ মে তদন্ত শেষে নূরুজ্জামানসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজনৈতিক বিবেচনায় মামলার আসামিদের অব্যাহতি দিতে আদালতের কাছে আবেদন করে। আদালত আবেদনটি আমলে নিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া নূরুজ্জামান বাদে অন্য ১০ জনকে মামলা থেকে অব্যাহতি দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বাগেরহাট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) শেখ মোহাম্মদ আলী। আসামিপক্ষে ছিলেন অজিয়ার রহমান।