যুবদল নেতাকে কুপিয়ে ও ব্যবসায়ীকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়ন যুবদলের সহসভাপতি আবদুল হান্নানকে (৩০) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা মালোপাড়ার একটি চারাগাছের বাগানে আতিকুর রহমান (৩০) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। উভয় ঘটনা মঙ্গলবার রাত ১০টার দিকে ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সাঁথিয়ার আবদুল হান্নান রাজনীতির পাশাপাশি করমজা হাটে ইজারার টাকা তুলতেন। দিনের কাজ শেষে মঙ্গলবার রাত ১০টার দিকে তিনি হাট থেকে করমজার মধ্যপাড়া গ্রামের বাড়িতে ফিরছিলেন। বাড়ির প্রায় ১০০ গজ আগে ৮-১০ জন সন্ত্রাসী তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী ও পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়।সাঁথিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রইস উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা দলীয় বিরোধ নিয়ে রাজনীতি করছি। দলের একাংশ স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতার সমর্থন নিয়ে আমাদের নানাভাবে হয়রানি করছে। তাদের সহযোগিতায় যুবদল নেতা হান্নানকে হত্যা করা হয়েছে।’হান্নানের স্ত্রী মরিয়ম বেগম দাবি করেন, হামলার পর চিৎকারের শব্দ শুনে তিনি দৌড়ে স্বামীর কাছে যান। গুরুতর অবস্থায় তাঁর স্বামী হামলাকারী হিসেবে সাঁথিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল বরকতসহ বেশ কয়েকজনের নাম বলে গেছেন। তিনি বরকতসহ ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন।আবদুল বরকত এলাকায় না থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদের দাবি, হান্নান হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ বা অঙ্গসংগঠনের কেউ সম্পৃক্ত নন। এটি বিএনপি ও যুবদলের অভ্যন্তরীণ ব্যাপার।সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বলেন, পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে হান্নানের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।যশোর কোতোয়ালি থানায় গতকাল বুধবার দুপুরে একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহত আতিকুর রহমানের মা নবিরন নেছা। মামলার এজাহারে তিনজনের পরিচয় উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার-পাঁচকে আসামি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, মঙ্গলবার রাত ১০টার দিকে আতিকুর বাড়ির পাশে নিজের চারাগাছের বাগানে যান। এ সময় সন্ত্রাসীরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য ওই এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বলেন, বন্ধুদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধের জেরে আতিকুর খুন হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।