বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুল আলম মহানগর যুবদলের সদস্য মাঈনুল ইসলামকে কুপিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মাঈনুলকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ছয় মাস আগে মাঈনুল মাহফুজুলকে কুপিয়ে জখম করেছিলেন বলে অভিযোগ রয়েছে।গত রোববার রাতে নগরের সার্কিট হাউসের সামনে এ ঘটনা ঘটে। মাঈনুল বরিশাল ক্লাবে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। বরিশাল ক্লাব সূত্রে জানা গেছে, রোববার রাত পৌনে আটটার দিকে মাঈনুল ক্লাব থেকে বের হন। এর কিছুক্ষণ পরই সার্কিট হাউসের সামনে তাঁকে কুপিয়ে আহত করা হয়।প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, রাত আটটার দিকে মাঈনুল সার্কিট হাউসের সামনে এলে তাঁর ওপর অতর্কিতে হামলা চালান ছাত্রদল নেতা মাহফুজুল আলম ও তাঁর সঙ্গে থাকা চার-পাঁচজন লোক। একপর্যায়ে তাঁদের মারধর থেকে রক্ষা পাওয়ার জন্য মাঈনুল দৌড়ে একটি দোকানে আশ্রয় নেন। তখন সেখান থেকে তাঁকে বের করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যান মাহফুজুল ও তাঁর লোকজন। পরে স্থানীয় ব্যক্তিরা মাঈনুলকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।পুলিশ সূত্রে জানা গেছে, ছয় মাস আগে মাঈনুল জেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুল আলমকে কুপিয়ে জখম করেন। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় মাঈনুলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয় এবং তিনি জেলও খাটেন। পরে তিনি জামিনে বের হন। ওই ঘটনাটির জের ধরে রোববার রাতে মাহফুজুল ও তাঁর লোকজন মাঈনুলকে কুপিয়ে জখম করেন। মাইনুল ও মাহফুজুল দুজনই বিএনপির বরিশাল মহানগর সভাপতি সাংসদ মজিবর রহমান সরোয়ারের সমর্থক।