যুবদল নেতাকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘের দখলকে কেন্দ্র করে খুলনার বটিয়াঘাটায় আমিরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে (৫২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমিরপুরের করেরদোন এলাকায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টার দিকে নজরুল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।

আমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন গোলদার অভিযোগ করেন, রাসেল শেখের নেতৃত্বে সন্ত্রাসীরা গুলি করে নজরুলকে হত্যা করেছে। রাসেল ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ ঘটনায় নিজাম উদ্দীন (৪২) নামের আরেকজন আহত হয়েছেন। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত রাসেল শেখ বটিয়াঘাটার বিরাট গ্রামের হেদায়েত শেখের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, যুবদল নেতা নজরুল ইসলাম করেরদোন গ্রামের ‘আতালের ঘের’ নামে একটি চিংড়ি ঘেরের কর্মচারী ছিলেন। রোববার বিকেল ৫টার দিকে রাসেল শেখের নেতৃত্বে ২০ থেকে ২৫টি মোটরসাইকেলে করে একদল সন্ত্রাসী ওই ঘের দখল করতে যায়। এ সময় নজরুল বাধা দিলে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এতে নজরুলের বুকে গুলি লাগে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, গুলিতে নিহত নজরুল ইসলাম বড়কড়িয়া গ্রামের মো. আইনুদ্দিনের ছেলে। ঘের দখলকে কেন্দ্র করে গোলাগুলির খবর শুনে তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন। ওই এলাকা এখন শান্ত। অপরাধীদের গ্রেপ্তারে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। নগরের গল্লামারী এলাকা থেকে চারটি মোটরসাইকেল ও দুজনকে আটক করা হয়েছে।