যুবদল নেতাকে মারধর করায় যুবলীগ কর্মীর বাড়িতে হামলা
ভোলার লালমোহন উপজেলায় গত শুক্রবার যুবদলের এক নেতাকে মারধর করায় যুবলীগ কর্মীর বাড়িতে হামলা করেছে বিক্ষুব্ধ বিএনপি নেতা-কর্মীরা। এ ঘটনায় যুবলীগের কর্মী মোশারেফ হোসেন বাদী হয়ে গতকাল শনিবার বিএনপির ১২০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শুক্রবার আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা লালমোহন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের যুবদল সভাপতি মাকসুদুর রহমানকে শহরের বিনোদন সিনেমার সামনে পিটিয়ে জখম করেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ বিএনপি নেতা-কর্মীরা যুবলীগের নেতৃস্থানীয় কর্মী (কমিটি হয়নি) মোশারেফ হোসেনের বাড়িতে হামলা চালান। এ ঘটনায় মোশারেফ হোসেন বাদী হয়ে গতকাল শনিবার বিএনপির ১২০ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন। এর পর থেকে বিএনপি নেতা-কর্মীরা গা ঢাকা দিয়েছেন।পৌর বিএনপির আহ্বায়ক আবুল বাশার যুবলীগ নেতার বাড়িতে হামলার কথা অস্বীকার করে বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় মাকসুদুর রহমান শহরের বিনোদন সিনেমা হলের সামনে গেলে তাকে আওয়ামী সন্ত্রাসীরা রড দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়। আমরা সন্ত্রাসীদের ভয়ে আহতকে লালমোহন হাসপাতালে ভর্তি করতেও পারিনি। তাঁকে বাইরের উপজেলায় চিকিৎসা দিচ্ছি। এখন উল্টো আমাদের নেতা-কর্মীকে হয়রানি করতে মামলা দেওয়া হয়েছে। এ সবকিছু পরিকল্পিত।’ মোশারেফ হোসেনের ভাষ্য, শুক্রবার রাতে যুবদল নেতা মাকসুদুর রহমানকে অজ্ঞাতনামা কেউ হামলা করতে পারে। এর জের ধরে বিএনপি ও যুবদলের শতাধিক নেতা-কর্মী রাতেই তাঁর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাটসহ তাঁর স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে। এজাহারে একই কথা উল্লেখ করে বিএনপির আলাউদ্দিন, মোর্শেদ, শাহাদাতসহ অজ্ঞাতনামা ১২০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মিজানুর রহমান বলেন, বিএনপির নেতা-কর্মীরা থানায় কোনো অভিযোগ দায়ের করেননি। মামলার তদন্ত চলছে।