যুবদল নেতাকে হত্যা করার কথা স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়ন যুবদলের নেতা মিন্টু বিশ্বাস হত্যা মামলায় এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় গ্রেপ্তার আকবার বিশ্বাস ৭ জানুয়ারি ঝিনাইদহের আদালতে স্বীকারোক্তি দেন।
গত ১৯ ডিসেম্বর দুপুরে কালীগঞ্জ উপজেলার সুবর্ণস্বারা গ্রামের মাঠে নিজ পুকুরে মাছের খাবার দেওয়ার সময় খুন হন মিন্টু বিশ্বাস। মিন্টু বারোবাজার ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ঘটনায় মিন্টুর ছোট ভাই টিপু বিশ্বাস ঝিনাইদহের আদালতে লিখিত অভিযোগ দেন। এতে ১৮ জনকে অভিযুক্ত করা হয়। আদালত অভিযোগটি এজাহার হিসেবে নিতে কালীগঞ্জ থানাকে নির্দেশ দেন। ৬ জানুয়ারি আকবার বিশ্বাসকে গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করে। এরপর তাঁকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। পরদিন তাঁকে মিন্টু বিশ্বাস হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। ৭ জানুয়ারি আদালতে আকবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আকবার বিশ্বাসের বাড়ি যশোরের আন্দোলপোতা গ্রামে।
জবানবন্দিতে আকবার বলেন, মাত্র ২০০ টাকা দামের পাঁচ কেজি ওজনের একটি বাটখারা হারিয়ে ফেলেছিলেন মিন্টু বিশ্বাস ও তাঁর ভাই টিপু বিশ্বাস। এই বাটখারা ফেরত চাওয়া নিয়ে বচসা হয় খোকন ঘোষের সঙ্গে। খোকন প্রতিকার চান বারোবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অশোক মজুমদারের কাছে। অশোক এ কথা শুনে তাঁদের কয়েকজনকে ডেকে পাঠান। রাতে নিজ বাড়ির পাশে বৈঠক বসিয়ে তিনি (অশোক) সিদ্ধান্ত দেন, মিন্টুকে মেরে ফেলতে হবে।
জবানবন্দিতে আকবার আরও বলেন, তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছিলেন মিন্টু। তিনি ১৭-১৮ হাজার টাকা দেন। এরপরও খুশি ছিলেন না মিন্টু। এ কারণে মিন্টুর প্রতি তাঁর (আকবার) আক্রোশ ছিল। এরপর বাটখারা নিয়ে দ্বন্দ্ব হয়। একপর্যায়ে মিন্টুকে অশোক মজুমদার মেরে ফেলার কথা বলেন। তিনি সেই পরিকল্পনা বাস্তবায়নে অংশ নেন।
এ ব্যাপারে বক্তব্য জানতে চেষ্টা করেও অশোক মজুমদারকে পাওয়া যায়নি। তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানা যায়।
এদিকে ভাই হত্যার বিচার চেয়ে আদালতে মামলা করে সপরিবারে পালিয়ে বেড়াচ্ছেন টিপু বিশ্বাস। তিনি বলেন, ভাইকে হত্যায় যাঁরা জড়িত, তাঁরা এখন তাঁকেও মেরে ফেলার হুমকি দিচ্ছেন। এ কারণে তিনি এলাকায় যেতে পারছেন না।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, তাঁরা এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে পেরেছেন। এখন চেষ্টা চলছে হত্যাকারীদের গ্রেপ্তারের।