যুবদল নেতার খণ্ডিত মাথা তিন দিনেও উদ্ধার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে সন্ত্রাসীদের হাতে নিহত যুবদল নেতা আবুল কালামের খণ্ডিত মাথা তিন দিনেও পুলিশ উদ্ধার করতে পারেনি। তবে মাথা উদ্ধারে পুলিশ সম্ভাব্য বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালিয়েছে।
গত সোমবার বিকেলে সন্ত্রাসীরা ফেনীর ফাজিলপুর এলাকা থেকে স্থানীয় লেমুয়া ইউনিয়ন যুবদলের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আবুল কালামকে ধরে নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যার পর গলা কেটে মাথাটা আলাদা করে এবং মাথাবিহীন লাশটি চটের বস্তায় ভরে খালে ফেলে দেয়। ওই দিন রাতে পুলিশ লাশটি উদ্ধার করতে পারলেও মাথাটি খুঁজে পায়নি।
বাগদাদিয়া ফাঁড়ির উপপরিদর্শক ফিরোজ আলম জানান, গত তিন দিন আবুল কালামের খণ্ডিত মাথাটি খুঁজতে পুলিশ স্থানীয় পুকুর, খালসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারভুক্ত দুজনকে গ্রেপ্তার করলেও তাদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় নিহত আবুল কালামের মা বিবি জুলেখা ১৩ জনের নাম উল্লেখ এবং পাঁচজনকে অজ্ঞাত পরিচয় হিসেবে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।