পটুয়াখালীর বাউফল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী মো. গিয়াস উদ্দিনের বাড়ির বিদ্যুৎসংযোগের তার গত রোববার সকালে কেটে ফেলে দুর্বৃত্তরা। খবর পেয়ে পল্লী বিদ্যুৎ সমিতির দুই কর্মচারী ওই বাড়িতে সংযোগ দিতে গেলে সন্ত্রাসীরা তাঁদের পিটিয়ে ও কিল-ঘুষি মেরে আহত করে। এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে বাউফল থানায় একটি মামলা করা হয়েছে।
পুলিশ ও বাউফল পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার কালাইয়া বন্দরের প্যাদা রোডে যুবদল নেতা গিয়াসের বাড়ির সাতটি ঘরের বিদ্যুৎসংযোগের তার গত রোববার সকালে দুর্বৃত্তরা কেটে ফেলে।
এ ঘটনায় ওই দিন দুপুরে বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর স্ত্রী লাইলী বেগম। লিখিতভাবে জানানো হয় পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক কার্যালয় কর্তৃপক্ষকে। ওই দিন সন্ধ্যার দিকে কর্তৃপক্ষ মো. জসিম উদ্দিন ও মো. মাহবুব নামের দুই কর্মচারীকে বিদ্যুতের সংযোগ লাগানোর জন্য পাঠায়। তাঁরা সংযোগ দিতে গেলে স্থানীয় রিপনের নেতৃত্বে ছয়-সাতজন তাঁদের আটক করে বেধড়ক পিটিয়ে ও কিল-ঘুষি মেরে আহত করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জসিম ও মাহবুবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা দেয়। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত তিন-চারজনের নামে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা মো. জাফর আহম্মেদ গতকাল দুপুরে একটি মামলা করেন।
লাইলী বেগম অভিযোগ করেন, তাঁরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ক্ষমতাসীন দলের লোকজন তাঁদের বিদ্যুৎহীন করে নির্যাতন করছেন। দুই দিন ধরে বিদ্যুৎ না থাকায় সাতটি পরিবারের নারী ও শিশুসহ অর্ধশত মানুষ দুর্বিষহ জীবনযাপন করছেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার বলেন, মামলা হয়েছে। দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।