যুবদল নেতার বাড়ি থেকে অস্ত্র-বিস্ফোরক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার বংশালের আবুল হাসনাত রোডের একটি বাড়িতে গতকাল শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে দেড় কেজি পরিমাণ বিস্ফোরক দ্রব্য, একটি পিস্তল ও গুলি উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই বাড়িতে বংশাল থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান ভাড়া থাকেন।

ডিবির অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন প্রথম আলো ডটকমকে জানান, ৪ নভেম্বর যুবদল নেতা আবদুর রহমানকে বোমা ও ককটেলসহ গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। ওই মামলায় তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল গভীর রাতে ওই বাসায় অভিযান চালানো হয়। বাসাটিকে তিনি আস্তানা হিসেবে ব্যবহার করে ককটেল ও বোমা বানাতেন। রিমান্ড শেষে আজ তাঁকে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হবে। বংশাল থানায় তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া আরও দুটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রক আইনের মামলায় পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হবে।

মোহাম্মদ ছানোয়ার হোসেন আরও জানান, আবদুর রহমানের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রক আইনে আটটি মামলা রয়েছে। তিনি বংশাল থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক। পাশাপাশি ৩৩ নম্বর ওয়ার্ড যুবদলেরও সভাপতি।