নারায়ণগঞ্জে রূপগঞ্জ থানা যুবদলের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক কবীর হোসেন নির্বাচনোত্তর সহিংসতার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা গত রোববার রাতে তাঁর বাড়িতে হামলা চালান। তাঁরা এ সময় যুবদল নেতার বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালান।
কবীর হোসেন অভিযোগ করেন, আওয়ামী লীগের স্থানীয় নেতারা তাঁকে নির্বাচনে ভোট দিতে চাপ দেন। ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়ি এলাকাল বাসিন্দা তিনি। কিন্তু তাঁদের নির্দেশ না মানায় একই এলাকার আওয়ামী লীগের নেতা হাজিবুর রহমান (৪৫), সেলিম মিয়া (৩৫) ও আবু সানীর (৩০) নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গত রোববার রাত ১০টার দিকে তাঁর বাড়িতে হামলা চালান। এ সময় তাঁরা ঘরের ফ্রিজ, টেলিভিশনসহ যাবতীয় আসবাব ভাঙচুর করেন। হামলাকারীরা বাড়িতে থাকা ১৫ ভরি স্বর্ণালংকারও লুট করেন বলে দাবি করেন যুবদল নেতা।
থানার উপপরিদর্শক (এসআই) সামছুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।