যুবদল নেতার মস্তকবিহীন লাশ উদ্ধার
ফেনী সদর উপজেলার নবাবপুর পুলের পাশে খালের পানি থেকে গতকাল সোমবার রাতে আবুল কালাম (২৭) নামের এক যুবদল নেতার মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।
ফেনীর সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মিজানুর রহমান জানান, নিহত আবুল কালাম উপজেলার লেমুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। কালাম লেমুয়া ইউনিয়নের কসবা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি এ হত্যাকাণ্ডের জন্য ছাত্রলীগ-যুবলীগকে দায়ী করেন।
মা বিবি জুলেখা তাঁর ছেলে আবুল কালামের লাশ শনাক্ত করেছেন। এ ছাড়া তাঁর পকেটে থাকা মুঠোফোন থেকেও পুলিশ লাশের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছে।
বিবি জুলেখা অভিযোগ করেন, গতকাল বিকেলে আবুল কালামকে সন্ত্রাসীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির কাছাকাছি স্থান থেকে ধরে নিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। পরে সন্ত্রাসীরা তাঁর লাশটি নবাবপুর পুলের পাশে খালের পানিতে ফেলে দেয়।
ফেনী থানাধীন বোগদাদিয়া ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ফিরোজ আলম জানান, অনেক খোঁজাখুঁজি করে গতকাল রাত সাড়ে আটটার দিকে ফেনী-সোনাগাজী সীমান্তের কাছে নবাবপুর পুলের কাছ থেকে মস্তকবিহীন একটি লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রাতেই নিহতের মা লাশটি তাঁর ছেলের বলে শনাক্ত করেন।
পুলিশ জানায়, নিহত আবুল কালামের বিরুদ্ধে হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে। একটি হত্যা মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। এ ঘটনায় নিহতের মা বিবি জুলেখা বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় হত্যা মামলা করেছেন।