যুবদল নেতার মুক্তির দাবি নিয়ে তোলপাড়
বগুড়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের চারবার নির্বাচিত কাউন্সিলর ও জেলা যুবদলের সভাপতি সিপার আল বখতিয়ারের মুক্তির দাবিতে আওয়ামী লীগ-সমর্থিত ১২ কাউন্সিলরের যুক্ত বিবৃতি দেওয়ার পর আওয়ামী লীগ ও বিএনপি শিবিরে তোলপাড় চলছে।
গতকাল সোমবার প্রথম আলোয় ‘যুবদল নেতার মুক্তির দাবি আওয়ামী লীগ কাউন্সিলরদের’ শিরোনামে প্রতিবেদন ছাপা হওয়ার পর দুই দলেই তোলপাড় পড়ে যায়। প্রথম আলোর বগুড়া কার্যালয়ে ফোন করে দুই দলের একাধিক নেতা বিবৃতি প্রদানের বিষয়টির ব্যাখ্যা দেন।
এদিকে গতকাল সন্ধ্যায় শহর আওয়ামী লীগের পক্ষ থেকে প্রথম আলোয় পাঠানো বিজ্ঞপ্তিতে সিপার আল বখতিয়ারের মুক্তি চেয়ে দলটির ১২ জন কাউন্সিলের যুক্ত বিবৃতিতে প্রদানের বিষয়টি আরেক দফা নিশ্চিত করা হয়। শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ খানের বরাত দিয়ে ই-মেইলে পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিপার আল বখতিয়ারের মুক্তির দাবিতে দেওয়া ১২ কাউন্সিলরের বিবৃতি রাজনৈতিক নয়। রাজনীতি তার নিজস্ব গতিতে চলবে।
সুলতান মাহমুদ খান বলেন, পৌরসভার একজন নির্বাচিত জনপ্রতিনিধি ও পৌর পরিষদের সদস্য হিসেবে মানবিক কারণে দলের ১২ জন কাউন্সিলর ওই বিবৃতি দিয়েছেন। এর পেছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য বা স্বার্থ জড়িত নেই। বিষয়টি নিয়ে দলীয় নেতা-কর্মীসহ বগুড়াবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।