যুবদল নেতাসহ ৫ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পাঁচ জেলায় গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার যুবদলের নেতা, এক শিশুসহ পাঁচজন খুন হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকার বাইরের প্রতিনিধিদের পাঠানো খবর:
লক্ষ্মীপুর: সকালে রামগঞ্জের নন্দীপাড়া গ্রামের একটি ইটভাটায় যুবদলের নেতা মনির হোসেনের (৩৫) হাত-পা বাঁধা গুলিবিদ্ধ লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। মনির করপাড়া ইউনিয়নের গাজীপুর গ্রামের কলিম উল্লার ছেলে এবং ওই ইউনিয়ন যুবদলের সহসভাপতি ছিলেন।
উপজেলা যুবদলের সভাপতি গিয়াস উদ্দিন জানান, মনিরকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, নিহত মনির সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির কয়েকটি মামলা রয়েছে।
কেন্দুয়া (নেত্রকোনা): উপজেলার মনকান্দা গ্রামের তৃতীয় শ্রেণীর ছাত্র জিসানকে (১০) গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গতকাল সকালে এলাকার একটি ধানখেতে জিসানের লাশ পাওয়া যায়। এ ঘটনায় এলাকাবাসী জিসানের বাবা আবদুস সামাদকে আটক করে পুলিশে সোপর্দ করে। থানার ওসি মোশাররফ হোসেন জানান, নিহতের গলায় আঘাতের দাগ রয়েছে। সামাদ ছেলের হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
নান্দাইল (ময়মনসিংহ): উপজেলার হালিউড়া গ্রামের কৃষক গিয়াস উদ্দিন (৭০) গতকাল ফজরের আজানের পর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পেছনের জঙ্গলে তাঁর লাশ পাওয়া যায়।
নিহত গিয়াসের স্ত্রী হালিমা খাতুন জানান, তাঁর স্বামীর সঙ্গে ছোট ভাই হাসিম উদ্দিনের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। তবে প্রতিবেশী নিজাম উদ্দিনের ছেলে হিমেল মিয়া ফজরের আজানের পর তাঁর স্বামীকে ডেকে নিয়ে যান। হালিমার অভিযোগ, তাঁর স্বামীকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।
উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর জানান, নিহত গিয়াস উদ্দিনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম ছিল। এ ঘটনায় হাসিম ও হিমেলকে আটক করা হয়েছে।
বিশ্বনাথ (সিলেট): বিকেলে উপজেলার সোনাপুর গ্রামের বাণীরাখা হাওরের ধানখেত থেকে ২৮-৩০ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। লাশের গলার অর্ধেক অংশ কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশের গায়ে আগুন দিয়ে পোড়ানোর চিহ্নও রয়েছে। থানার ওসি রফিকুল হোসেনের ধারণা, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে লাশটি ধানখেতে ফেলে গেছে।
ব্রাহ্মণবাড়িয়া: বিকেলে আশুগঞ্জের গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) পাশের মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাতনামা এক তরুণের (২৫) গলিত লাশ উদ্ধার করে পুলিশ। থানার ওসি গোলাম ফারুক জানান, ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই তরুণের লাশ পচে-গলে বিকৃত হয়ে গেছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।