যুবদল সভাপতির অন্তর্বর্তী জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলায় জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের এক বছরের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। তাঁর জামিন আবেদনের শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।

আদালতে মোয়াজ্জেম হোসেনের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এস এম নাজমুল হক। পরে সগীর হোসেন প্রথম আলোকে বলেন, রুল জারির পাশাপাশি আদালত মোয়াজ্জেম হোসেনের এক বছরের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন। ফলে তাঁর কারামুক্তিতে আইনগত বাধা নেই।

রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে গত ২৫ অক্টোবর মোয়াজ্জেমসহ ৬৩ জনকে আটক করে পুলিশ। আইনজীবী সূত্র জানায়, হরতালে (২৬ অক্টোবর) নাশকতা সৃষ্টির পরিকল্পনার ছক তৈরি করতে ওই বৈঠক করার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে তাঁদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করে পুলিশ।